মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়টিকফা চুক্তি সই আজ

টিকফা চুক্তি সই আজ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

আজ সোমবার বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বহুল আলোচিত ট্রেড অ্যান্ড ইনভেস্টম্যান্ট কো-অপারেশন ফোরাম এগ্রিমেন্ট (টিকফা) সই হচ্ছে। ওয়াশিংটনে বাংলাদেশের পক্ষে বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং আমেরিকার পক্ষে সে দেশের উপ-বাণিজ্য প্রতিনিধি ওয়েন্ডি কাটলার চুক্তিতে সই করবেন।

গত ১৭ জুন মন্ত্রিসভা টিকফা সইয়ের ব্যাপারে অনুমোদন দেয়। এরপর মার্কিন বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হলে টিকফা সইয়ের বিষয়টি অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। দীর্ঘ আলোচনা এবং দর কষাকষির পর সরকারের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এসে এই চুক্তি সই হচ্ছে। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগের ব্যাপারে মুক্ত ও টেকসই পরিবেশ নিশ্চিত করা হবে। টিকফা সইয়ের মাধ্যমে বেশ কিছু ইস্যুতে বাংলাদেশের দায়বদ্ধতা তৈরি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে গুরুত্বপূর্ণ এই চুক্তিকে ভালো চোখে দেখছেন না কেউ কেউ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও প্রধানমন্ত্রী নিজের অধীনে আগামী  নির্বাচন অনুষ্ঠানে আমেরিকার সমর্থন পেতে টিকফা সই করার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেন তারা।

এ বিষয়ে আনু মুহাম্মদ বলেন, ‘বর্তমান নির্বাচনকালীন সরকারের আইনগত কোনো বৈধতা নেই।  তাই কোনো চুক্তি করার অধিকারও তাদের নেই।  এই সরকার যদি টিকফা চুক্তি করে, তবে এটি হবে অবৈধ চুক্তি।’

কূটনীতিকরা বলছেন, জিএসপি বাতিল, ড. ইউনূসের বিষয়ে বিতর্ক- সব মিলিয়ে আমেরিকার সঙ্গে আওয়ামী লীগ সরকারের সম্পর্কে একটা দূরত্ব চলছে। আগামী নির্বাচনের আগে এই দূরত্ব কমাতে চায় সরকার। তাই  ভারতের পাশাপাশি বিশ্বের প্রভাবশালী এই দেশটির সমর্থন পেতেই আমেরিকার ডাকে এবার সাড়া দিয়েছে সরকার।

এদিকে টিকফা চুক্তির ফলে জিএসপি ফিরে পাওয়া সহজ হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়। কারণ, টিকফা সই হলেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের বিষয়ে আনুষ্ঠানিক ফোরাম গঠিত হবে। জিএসপি নিয়ে দর-কষাকষির সুযোগ পাবে বাংলাদেশ। এর আগে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) বলেছিলেন, জিএসপি ফিরে পেতে টিকফা অন্যতম বাহন হিসেবে কাজ করবে।

আরও পড়ুন

সর্বশেষ