ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পদত্যাগকারী মন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে সচিবালয়ে। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে এ বৈঠক হচ্ছে। গত ১১ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেয়ার পর ব্যাপক বিতর্কের মুখে এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে নির্ধারিত কোনো এজেন্ডা নেই। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা তাৎক্ষণিকভাবে উপস্থাপন করা হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে। এদিকে বৈঠকে মহাজোটের অংশীদার জাতীয় পার্টির একমাত্র সদস্য বাণিজ্যমন্ত্রী জি এম কাদের অংশ নিচ্ছেন না বলে মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, পদত্যাগের পর থেকে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের সচিবালয়ে অফিস করতে আসেন নি। কিংবা অফিসের কারো সঙ্গে দাফতরিক কাজে যোগাযোগ পর্যন্ত করেননি। উল্লেখ্য, গত ১১ নভেম্বর সোমবার প্রধানমন্ত্রী ব্যতীত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেন। সেদিন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্ব স্ব পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে জমা দেন। এরপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভুঁইঞা ঘোষণা করেন, এ বৈঠকই মন্ত্রিসভার শেষ বৈঠক।




