বিএনপির বিদেশে কোন প্রভু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বেলা সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।তিনি বলেন, বিএনপির সুনাম নষ্টের জন্য বিদেশী গণমাধ্যমের মাধ্যমে সুপরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিদেশী একটি পত্রিকার বরাদ দিয়ে ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিডিআর বিদ্রোহের সঙ্গে বিএনপি জড়িত। গতকাল এক প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছে বিডিআর বিদ্রোহের সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আইএসআই জড়িত। কিন্তু বিডিআর বিদ্রোহের ঘটনার পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এর সঙ্গে করা জড়িত। বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি।
তিনি আরো বলেন, কয়েক দিন আগে ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশ করা হয়েছে তারেক রহমানের সঙ্গে আইএসআই এর যোগাযোগ রয়েছে। এরআগে বিদেশী একটি পত্রিকায় বলা হয়েছে গত নির্বাচনে বিদেশী একটি গয়েন্দা সংস্থা কারিকারি টাকা দিয়েছে বিএনপিকে। এসব অপপ্রচার সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে করা হচ্ছে। তারা অপপ্রচার করার চেষ্টা করছেন বিএনপির সঙ্গে বিদেশীদের সঙ্গে সম্পর্ক আছে। আমরা বলতে চাই বিদেশে আমাদের কোন প্রভু নেই।
হরতাল স্বতঃস্ফূর্তভাবে চলছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সংবিধান পরিবর্তন করে দেশে একটি বিশৃঙ্খলা তৈরি করেছে। তারা বিএনপির নেতাদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছে।




