বেসরকারি এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ ফিরোজ হোসেন। এর আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্বরত ছিলেন। শনিবার (১৭ সেপ্টেম্বর) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানিয়েছে। নতুন এমডির নিয়োগ ১৬ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
মোহাম্মদ ফিরোজ হোসেন ১৯৮৮ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। ১৯৯৯ সালে তিনি এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগদান করেন।
এক্সিম ব্যাংকের দীর্ঘ ২২ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকের প্রধান শাখা, মতিঝিল শাখার ব্যবস্থাপকের দায়িত্বসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক হিসেবে মোহাম্মদ ফিরোজ হোসেন একাধিকবার চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড ও স্বর্ণপদক লাভ করেন।




