সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়তামিম-মমিনুলে ভর করেছে বাংলাদেশ

তামিম-মমিনুলে ভর করেছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

তামিম-মমিনুলে ভর করেছে বাংলাদেশ। তামিমের ৫৪ আর মমিনুলের ৫০। দু’জনই অর্ধশতক পেরিয়ে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে শুরুটা ভালো ছিল না। চতুর্থ দিন দলীয় ৫৫ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। স্বাগতিকদের দুটি উইকেটই পেয়েছেন কিউই পেসার নেইল ওয়াগনার।

গত তিন ইনিংসের মতো শেষ ইনিংসেও ব্যাটিংয়ে দুর্বল পারফরমেন্স দেখিয়েছেন ওপেনার আনামুল হক। চট্টগ্রামে খেলেছেন ৩ ও ১৮ রানের ইনিংস। ঢাকায় গত ম্যাচে ৭ রানে আউট হন, দ্বিতীয় ইনিংসে নেমে ২২ রানে স্লিপে দাঁড়িয়ে থাকা পিটার ফুলটনের হাতে ক্যাচ তুলে দেন তিনি।  মার্শাল আইয়ুব মাঠে নেমে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ৯ রানে রস টেলরের তালুবন্দি হন তিনি। তবে মমিনুলকে নিয়ে এই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তামিম। ৩২ রানের জুটি গড়েছেন তারা।

চতুর্থ দিন দুই উইকেট হাতে রেখে ৪১৯ রানে মাঠে নামে সফরকারীরা। এদিন প্রথম ইনিংসে আরও ১৮ রান যোগ করতে গুটিয়ে যায় তারা। দিনের তৃতীয় ওভারে ইশ সোধি ৫৮ রানে রান আউট হন। তিন ওভারের বিরতিতে আব্দুর রাজ্জাকের এলবিডব্লুর ফাঁদে পড়েন ট্রেন্ট বোল্ট (৪)। বিজে ওয়াটলিং অপরাজিত ছিলেন ৭০ রানে।

সফরকারীদের হয়ে সেরা রান করেছেন কোরি এন্ডারসন। ১১৬ রান এসেছে তার ব্যাট থেকে। সোধি ও ওয়াটলিং ছাড়াও ফিফটির দেখা পেয়েছিলেন কেন উইলিয়ামসন (৬২) ও রস টেলর (৫৩)।
বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট পান সাকিব আল হাসান। দুটি নিয়েছেন আব্দুর রাজ্জাক। একটি করে দখলে নেন নাসির হোসেন ও আল-আমিন হোসেন।

আরও পড়ুন

সর্বশেষ