শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজনৈতিক দলের নেতারাই একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করেন

রাজনৈতিক দলের নেতারাই একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করেন

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

এক কাতারে দাঁড়িয়ে ‍ঈদের নামাজ আদায় করলেও আগামী নির্বাচন নিয়ে বিপরীতমুখী অবস্থানের কথা জানিয়েছেন চট্টগ্রামের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের নেতারা। তবে সব রাজনীতিকই আগামীতে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করেছেন। নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে বুধবার সকালে ঈদুল আজহার নামাজে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মিলন ঘটে।

সেখানে নামাজ আদায় করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা.আফসারুল আমিন, বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, সাংসদ নূরুল ইসলাম বিএসসি, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা কাউন্সিলের সদস্য মীর মো.ন‍াছিরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, নগর বিএনপির সহ সভাপতি আবু সুফিয়ান, নগর জাতীয় পার্টির আহ্বায়ক সোলায়মান আলম শেঠ, চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনীসহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নামাজ আদায় শেষে বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান সাংবাদিকদের বলেন, ‘দেশের মানুষের প্রত্যাশা একটি সুন্দর নির্বাচন। আমরাও একটি সুন্দর নির্বাচন চাই এবং সেই নির্বাচন হতে হবে তত্তাবধায়ক সরকারের অধীনে। দেশের মানুষও নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়।’ নোমান বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন না হলে দেশ সংঘাতের পথে চলে যাবে। এটি দেশ, জাতি কারও জন্যই মঙ্গলজনক হবেনা।’ তিনি বলেন, ‘রাজনীতির ভেদাভেদ ভুলে আত্মশুদ্ধির মাধ্যমে সম্মিলিতভাবে কাজ করাই হোক এবারের ঈদুল আযহার অঙ্গীকার।’

নির্বাচন প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা আফছারুল আমিন বলেন, ‘দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার সংবিধান সংশোধন করেছে। সংবিধানে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে। দেশের মানুষের যে প্রত্যাশা সেভাবেই একটি সুন্দর নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘অহেতুক কোন ইস্যু সৃষ্টি করে দেশকে সংঘাতের পথে নিয়ে যাওয়া ক‍ারও উচিৎ হবেনা। আমরা যারা রাজনীতি করি সবাইকে ত্যাগের মহিমায় সুন্দর বাংলাদেশ, সুখী, সমৃদ্ধ জাতি গঠনের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সম্মিলিত প্রয়াসের ফলে বাংলাদেশ একদিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’

নামাজ শেষে উপস্থিত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলের নেতারাই একটি সুন্দর নির্বাচন প্রত্যাশা করেন।

আরও পড়ুন

সর্বশেষ