রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়তৈরি হল সোহাগ গাজীর ইতিহাস

তৈরি হল সোহাগ গাজীর ইতিহাস

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

স্যার ইয়ান বোথাম, স্যার গ্যারফিল্ড সোবার্স, কপিল দেব, রিচার্ড হ্যাডলি, ইমরান খান, জ্যাক ক্যালিস কিংবা ওয়াসিম আকরাম। নামগুলো কাদের বুঝতে পারছেন? হ্যা ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার এরা। কিন্তু এই লোকগুলোকেই আজ পেছনে ফেলে দিলেন বাংলাদেশের তরুন এক স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী।

না, ক্যারিয়ার কীর্তিতে তাদের পেছনে ফেলার স্বপ্ন তো এখন ভুলেও দেখার বয়স বা সময় সোহাগের হয়নি। তবে একই ম্যাচে সেঞ্চুরি এবং হ্যাটট্রিক করে যে কীর্তি সোহাগ আজ করলেন, তা সর্বকালের এই সেরা অলরাউন্ডাররা কেন, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কেউ কখনো করতে পারেননি!
প্রথম ইনিংসে নিয়েছিলেন ২ উইকেট, পরে ব্যাট হাতে অপরাজিত ১০১ রান এবং এরপরই আজ ৭৭ রানে নিলেন ৬ উইকেট। বিস্ময়র এই পারফরম্যান্সের মধ্যে ইনিংসের ৮৫তম ও নিজের ২৪তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে অ্যান্ডারসন, ওয়াটলিং ও ব্রেসওয়েলকে আউট করে করে ফেললেন হ্যাটট্রিক। তৈরি হয়ে গেল ইতিহাস।
এ ইতিহাস এমন এক ইতিহাস যার জন্য বিশ্ব কাঁপিয়ে বেড়া অলরাউন্ডাররাও অপেক্ষা করেছেন, কখনো ধরা দেয়নি হাতে। জ্যাক ক্যালিস ও ইয়ান বোথাম ক্যারিয়ারে একবার করে এই বিস্ময়কর রেকর্ডের কাছে গেছেন। পারেননি!
তবে সোহাগের নিজের জন্য সব ধরণের ক্রিকেট মিলিয়ে কাজটা অবশ্য এই প্রথম নয়। ঘরোয়া ক্রিকেটে অলরাউন্ডার বলেই পরিচিত সোহাগ এর আগে প্রথম শ্রেনীর ক্রিকেটে বিশ্বের মাত্র ১২তম খেলোয়াড় হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও হ্যাটট্রিক করেছিলেন সোহাগ। গত অক্টোবরের ঘটনা। জাতীয় লিগে খুলনার বিপক্ষে বরিশালের হয়ে ৯৩ বলে ১১৯ করার পর বল হাতে ৭ উইকেট নেওয়ার পথে করেছিলেন হ্যাটট্রিক। এর আগেও জাতীয় লিগে একটি সেঞ্চুরি ছিল।
জাতীয় লিগে সেই খুলনার বিপক্ষেই ২০১১ সালের অক্টোবরে ৯৯ বলে করেছিলেন ১৪০। বিস্ময়কর তথ্য আছে আরেকটি, প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম দুটি সেঞ্চুরির রেকর্ডই কিন্তু সোহাগের! ১৪০ রানের ওই ইনিংসটির পথে সেঞ্চুরি ছুয়েছিলেন ৬৭ বলে, ১১৯ রানের পথে সেঞ্চুরি এসেছিল ৭৬ বলে। সেঞ্চুরি দুটি ছাড়াও প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিফটি আরও চারটি।
আজ সোহাগ যখন সেঞ্চুুরির পাশাপাশি ইনিংসে ৫ বা তার বেশি উইকেট নিলেন, তাতেই রেকর্ড বইয়ে নাম উঠে গেল। টেস্ট ক্রিকেটে এই কীর্তি এর আগে মাত্র ২৮ বার হয়েছে। এর মধ্যে ইয়ান বোথাম একাই ৫ বার এবং মুশতাক মোহাম্মদ ও জ্যাক ক্যালিস ২ বার করে করেছেন কীর্তিটা। মজার ব্যাপার হল টেস্টে ক্রিকেটে সর্বশেষ এই র্কীর্তি একজন বাংলাদেশীই করেছেনÑসাকিব আর হাসান।
২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ১৪৪ রানের ইনিংস খেলার পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন ৮২ রানে। সাকিব এর আগে ৩ বার এই কীর্তির খুব কাছ থেকে ফিরেছেন।
তবে কাল এই সব আলোচনাকেই ম্লান করে দিলেন এক সোহাগ গাজী। অলরাউন্ডার সোহাগ এতোদিনে নিজের জায়গাটা খুজে পেয়েছেন। এবার দেখার ব্যাপার এই ফর্মটাকে কোথায় নিয়ে যেতে পারেন!

আরও পড়ুন

সর্বশেষ