অগ্নিকাণ্ডের ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় দু্ইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া কয়েকজন ধোয়ায় অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।
দগ্ধ শহিদুল কিরমানি রনি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এর মধ্যে জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ ও রনির শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে। তারা ওই ভবনের তৃতীয় তলার বাসিন্দা। এদিকে দগ্ধদের স্বজন নাসরিন জানান, দগ্ধ দম্পতির তিন বছরের এক সন্তান রুশদি অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছে। এছাড়াও ধোয়ায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে একই পরিবারের চার সদস্য। তারা হলেন- মনির হোসেন, সুমাইয়া আক্তার, মাহাদী হাসান ও মাহমুদুল হাসান। তারা ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা।




