ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৪) এক যুবক নিহত হয়েছেন। তার পরনে ছিল নীল গেঞ্জি ও সাদা লুঙ্গি। শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মগবাজারের ওয়ারলেস রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ফরহাতুল জানান, সন্ধ্যার দিকে ওয়ারলেস রেলগেট দিয়ে নিহত যুবক মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে এনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭ টার দিকে ঢামেকের ১০৩ নং ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, ট্রেন আসতে দেখে যুবককে বারবার ডাকা হলেও তিনি কারো ডাক শুনেন নি। মোবাইলে কথা বলতে বলতেই চলে হেঁটে যাচ্ছিলেন।




