ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
বিকল্পধারার প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি একিএম বদরুদ্দৌজা চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী গায়ের জোরে দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন।যা দেশের জন্য বড় ক্ষতিকর।
বাংলাদেশ আজ দূর্নীতিবাজ ও লুটেরাদের হাতে জিম্মি উল্লেখ করে তিনি বলেন, দেশ আজ কঠিন অন্ধকারে নিমিজ্জিত। অথচ, জাতিসংঘে প্রধানমন্ত্রী বললেন তিনি যে কোন ত্যাগ স্বীকার করতে রাজী। কিন্তু তার কথার সাথে বাস্তবের কোন মিল নেই। আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, আমরা শান্তি চাই, আর খুনোখুনি চাই না। আর সেকারণে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিকল্পধারাকে আগামীতে ক্ষমতায় আনতে হবে। তিনি তার বক্তেব্যে বিরোধী জোটের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, আগামীতে তিনি নাকি নুতন ধারার রাজনীতি করবেন। কিন্তু কি নতুন করবেন; তা এখনও পরিস্কার করেন নি।
খালেদা জিয়াকে বিষয়টি পরিস্কার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনাকে বলতে হবে, আগামীতে আপনারা দূর্নীতিবাজ কাউকে দলীয় মনোনয়ন দিবেন না। সন্ত্রাসী ও কালো টাকার মালিকমুক্ত বিএনপি গড়বেন। তাহলে আমরা আপনাদের সাথে থাকার বিষয়টি ভেবে দেখবো।
বিকল্পধারার কেন্দ্রীয় সহ-সভাপতি কমাণ্ডার শহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন।
তিনি বলেন, বর্তমান সরকার যে ভাবে দেশ পরিচালনা করছেন তাতে আগামীতে তারা ১০০ বছরের মধ্যেও আর ক্ষমতায় আসতে পারবে না।
তিনি মহাজোট সরকারের বিভিন্ন মন্ত্রী ও এমপির দূর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আওয়াম লীগের নির্বাচনী অঙ্গীকারে ছিল দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার। অথচ, হাসিনা দূর্নীতিবাজদের দেশপ্রেমিকের সার্টিফিকেট দিয়ে কথা রাখেনি।
বঙ্গবন্ধুর ঘনিষ্ট এই সহচর আরও বলেন, বাংলার মানুষ একটি ছাগলের নেতৃত্বে নির্বাচন মেনে নিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন মেনে নিবেন না। কারণ বাংলার মানুষ তাকে বিন্দুমাত্র বিশ্বাস করেনা।
আলমডাঙ্গা উপজেলা বিকল্পধারা আয়োজিত এ জনসভায় আরও বক্তব্য রাখেন- বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ওয়াসিবুল ইসলাম, যুব ধারার সম্পাদক আসাদুজ্জামানসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরআগে, ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে আলমডাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে বি চৌধুরী ও বঙ্গবীর কাদের চৌধুরী পৌছালে বিপুল সংখ্যক নেতাকর্মী ফুল দিয়ে তাদেরকে স্বাগত জানান।




