রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়আওয়ামী লীগ-বিএনপি দু’দলই পরিত্যক্ত দল : এরশাদ

আওয়ামী লীগ-বিএনপি দু’দলই পরিত্যক্ত দল : এরশাদ

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মো. এরশাদ বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি দু’দলই পরিত্যক্ত দল। তাদের বয়কট করে জাতীয় পার্টিকে ভোট দিয়ে আগামীতে ক্ষমতায় আনুন। দেশ ও জাতীর উন্নয়ন দেখতে হলে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ যাবার আগে নরসিংদী শহরের ভেলানগর বাসস্ট্যান্ডে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক পথ সভায় তিনি একথা বলেন।  এ সময় পথ সভার সঞ্চালনা করেন জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ফররুখ আহমেদ।

এরশাদ বলেন, নির্বাচন হবে কি হবে না তা আমি জানি না। তবে আমি এতটুকু জানি দু’দলই ক্ষমতার জন্য লড়াই করছে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে দেশে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যকলাপ হবে না। এদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা হরতাল, নৈরাজ্য চায় না। তাই এদেশের উন্নয়নে জাতীয় পার্টির বিকল্প নেই।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না মন্তব্য করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার এবং সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবে না।

তিনি আরো বলেন,  বিএনপি এবং আওয়ামীলীগ দীর্ঘ দিন ক্ষমতায় থেকেও দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেনি। যে দল ক্ষমতায় গিয়েছে সে দলই নিজেদের পকেট ভারী করেছে। তাই এদেশের মানুষ এই দু’দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। জাতীয় পার্টি নয় বছরে দেশে ব্যাপক উন্নয়ন সাধন করেছিল। উপজেলা পরিষদ দেশের মানুষের কাছে জনপ্রিয় হলেও পরবর্তী সরকার এসে উপজেলা পরিষদকে কোনো মূল্যায়ন করেনি।  এ সময় তিনি আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ভোট দেয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

নরসিংদী জেলা জাতীয় পার্টির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় নেতা এড. মোস্তফা জামান বেবী, নরসিংদী জেলা জাপার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, এড. রেজাউল করিম বাছেদ, এড. রশিদুজ্জামান ভূঁইয়া, এড আবুল হাসানাত মাসুম, ওমার প্রধান, ওমর ফারুক মিয়া, আরিফ মোল্লা ও জহিরুল হক মোল্লা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ