ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশে জঙ্গীবাদের উত্থান হয়। বিএনপি জামায়াত হরতাল, যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশ ও সাধারণ মানুষ হত্যা করে সরকারের পতন ঘটাতে চায়। এসব করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যায় না।
শনিবার বিকাল ৩টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়ায় নবনির্মিত র্যাব-১২ হেডকোয়ার্টার্স ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াতী-হেফাজতী সরকার গঠিত হলে দেশে জঙ্গীবাদের উত্থান হবে। নতুন নতুন বাংলা ভাইয়ের সৃষ্টি হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন ১০ ট্রাক অস্ত্র লুট, হাওয়া ভবন করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশে অরাজকতা সৃষ্টি করেছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে র্যাব ও পুলিশ বাহিনী কাজ করে যাচ্ছে।
মন্ত্রী জনগণকে উদ্দেশ্য করে বলেন, ২০০৮ সালের নির্বাচনে চিত্র আর এবারের চিত্র তুলে ধরে বিচার করলে বুঝতে পারবেন আমরা দেশের জন্য ভাল করেছি কিনা। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, রায় চলছে। আপনাদের কল্যাণে নিরাপত্তায় এবং এই এলাকার শান্তি শৃঙ্খলায় র্যাব ভবন নির্মাণ করা হয়েছে। আপনাদের সমর্থন থাকলে সিরাজগঞ্জে আর কোন সন্ত্রাসী মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আমরা সমষ্ঠিগতভাবে সন্ত্রাস দমন করব।
মন্ত্রী বলেন, দেশবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের উন্নয়ন কাজে সন্তুষ্ট। জননেত্রী শেখ হাসিনার সরকারের সুষ্ঠু ব্যবস্থাপনায় দেশ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের উন্নয়নসহ মানুষের মাথাপিছু আয় অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করার আহ্বান জানান।
র্যাব-১২’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জামিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, উল্লাপাড়ার সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম এমপি, রায়গঞ্জ-তাড়াশের সংসদ সদস্য আলহাজ ইসহাক হোসেন তালুকদার, বাংলাদেশ পুলিশের মহাপুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসি, র্যাব ফোর্সেস এর মহাপরিচালক মো. মোখলেছুর রহমান বিপিএম, জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক কে.এম. হোসেন আলী হাসান প্রমুখ।




