শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়কড়া নজরদারিতে আবুল হাসান চৌধুরী

কড়া নজরদারিতে আবুল হাসান চৌধুরী

পদ্মাসেতু প্রকল্পে দুর্নীতি চেষ্টা মামলায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী আসামি হওয়ার পর তাকে নিয়ে নতুন করে ভাবছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের করা মামলায় সন্দেহভাজন হিসেবে থাকা এই পিডিবি নেতাকে নড়া নজরদারিতে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই কমিশনার বলেন, পদ্মাসেতুতে পরামর্শক নিয়োগে দুর্নীতি চেষ্টার অভিযোগে আবুল হাসান চৌধুরীকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হচ্ছে। দুর্নীতির কোন অভিযোগ পেলে মামলায় তাকেও আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কানাডায় পদ্মাসেতুর দুর্নীতির যে তদন্ত চলছে এটি দুদকের তদন্তে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

এই মামলা নিয়ে দুদকের তদন্ত চলাকালে পুরোটা সময় সংস্থাটির চেয়ারম্যান ছিলেন গোলাম রহমান। কানাডার পুলিশ তদন্তের পর আবুল হাসান চৌধুরীকে মামলা করেছে, অথচ দুদক তখন বলেছে, তারা যথেষ্ট তথ্য প্রমাণ পায়নি। তাহলে দুদকের কি তদন্তে ঘাটতি ছিল-এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান  বলেন, ‘তাঁর বিরুদ্ধে ওই সময় সরাসরি কোন অভিযোগ না পাওয়ায় মামলায় আসামি করা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে নাম রাখায় তদন্ত চলছে। তদন্তে তার বিরুদ্ধে কোন অভিযোগ পেলে তাকেও আসামির তালিকায় আনা উচিৎ’।

উল্লেখ্য, পদ্মাসেতুর পরামর্শকের কাজ পেতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে কানাডায় বিচার চলছে এসএনসি লাভালিনের কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তার। এই মামলার তদন্তে নাম আসার পর বুধবার আবুল হাসানকে আসামি করেছে কানাডিয়ান মাউন্টেড পুলিশ। সিবিসিসহ কানাডার সংবাদপত্রগুলো গতকাল বুধবার এ সংবাদ প্রকাশ করেছে।

বাংলাদেশের সবচেয়ে বড় সেতু প্রকল্পে বিশ্বব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকার প্রায় তিনশ কোটি ডলার বিনিয়োগ আটকে যায় এই দুর্নীতি চেষ্টার অভিযোগে। তবে এই ঘটনায় বিশ্বব্যাংকের অভিযোগ ছিল সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনের বিরুদ্ধে। পরামর্শক নিয়োগের সাড়ে তিনশ কোটি টাকার কাজ পেতে এসএনসি লাভালিন তাকেসহ কয়েকজনকে ঘুষ দিতে চেয়েছিল বলে অভিযোগ করেছে দাতাসংস্থাটি। তবে দুদকের তদন্তে আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলা হয়নি। আর দাতা সংস্থাটি থেকে অর্থায়ন না নেয়ার ঘোষণা দিয়ে এখন নিজস্ব অর্থায়নে সেতু করার ঘোষণা দিয়েছে সরকার।

আরও পড়ুন

সর্বশেষ