ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে কোনো ধরনের অসম্পূর্ণ বা ভুল তথ্য পরিবেশন করে বিভ্রান্তি ছড়াবেন না।
সম্প্রতি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে তার টেলিফোন আলাপ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নাকচ করে দিয়ে সিইসি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে এখন পর্যন্ত বেগম জিয়ার সঙ্গে আমার কোনো কথা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেন, আপনারা অত্যন্ত দায়িত্বশীল একটি পেশায় কাজ করেন। জাতি আপনাদের দিকে তাকিয়ে থাকে। সুতরাং এমন কোনো খবর আপনাদের পরিবেশ করা উচিত নয়, যা জনমনে বিভ্রান্তির জন্ম দেয়।
সম্প্রতি গণমাধ্যমে খবর প্রকাশ হয় যে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান সিইসির কার্যালয়ে গিয়ে মোবাইল ফোনে খালেদা জিয়ার সঙ্গে তার (সিইসি) কথা বলিয়ে দেন।
কিন্তু সিইসি এই খবর নাকচ করে দিয়ে বলেন, মঈন খান আমার অনেক দিনের চেনা। ইউনিভার্সিটিতে উনি বিখ্যাত ছাত্র ছিলেন। মেধাবী শিক্ষার্থী ছিলেন। ওনার সঙ্গে সামাজিক নানা বিষয় নিয়ে আলাপ হয়েছে। ওনার এলাকার বিষয় নিয়ে কথা হয়েছে। এমনকি বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়েও কথা হয়েছে। বরং রাজনৈতিক বিষয় নিয়ে কথা হয়েছে খুবই কম।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি জানান, এ বছর যারা নতুন ভোটার হয়েছেন, তাদের জাতীয় পরিচয়পত্র ছাপার কাজ শেষ পর্যায়ে এবং শিগগিরই নতুন পরিচয়পত্র বিতরণ শুরু হবে।




