ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
যে কোনো ধরণের প্রভাব মুক্ত থেকে প্রশাসনের কর্মকর্তাদের জনবান্ধব হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের নিজস্ব ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার কর্ম কমিশনকে শক্তিশালী করার পাশাপাশি একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছে। এ ভবন নির্মাণে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে করেছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের যেমন দক্ষ হওয়া দরকার তেমনি তাদের হতে হবে জনবান্ধব। গত চার দলীয় জোট সরকারের সময় কর্ম কমিশনের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যপক অনিয়মের কথাও এসময় তুলে ধরেন তিনি। তিনি বলেন, অনিয়ম করে দলীয় লোকজন নিয়োগ দেয়ার কারণে পিএসসির ওপর মানুষের আস্থা ও বিশ্বাস উঠে গিয়েছিল।
মহাজোট সরকারের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে প্রশাসনে প্রায় আড়াই হাজার পদন্নোতি হয়েছে। একুশ শতকের উপযোগী স্বচ্ছ জনপ্রশাসন গড়ে তুলতে ই গভর্ন্যান্স চালু করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই ভবনটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাষন বিষক উপদেষ্টা এইচ টি ইমাম সহ পিএসসির উর্ধতন কর্মকর্তারা।




