শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ভাগিনা জয়, ঈদের পরেই দেখাবো যুদ্ধ কয় প্রকার : ফারুক

ভাগিনা জয়, ঈদের পরেই দেখাবো যুদ্ধ কয় প্রকার : ফারুক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে উদ্দেশ্য করে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, “ভাগিনা জয়, আপনাকে যুদ্ধ করতে হবে না; ঈদের পরেই আপনাদের দেখাবো যুদ্ধ কয় প্রকার।”

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এম ইলিয়াস আলী গুমের ১৭ মাসেও সন্ধান না দেয়ার প্রতিবাদে এবং দৈনিক আমার দেশ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি, দিগন্ত, চ্যানেল ওয়ান ও ইসলামিক টিভি অবিলম্বে খুলে দেয়ার দাবিতে প্রতিবাদী নাগরিক সমাবেশে ফারুক এ মন্তব্য করেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বিদায় ঘণ্টা বাজছে। আগামীতে আন্দোলন করে আপনাকে বিদায় করতে বাধ্য করা হবে।

আলোচনার পথ এখনো খোলা আছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা আলোচনা করে এবং সংবিধানে ষোড়শ সংশোধনী এনে দেশের গণতন্ত্রের ধারাবাহিকতা অটুট রাখুন। কেননা আন্দোলন এবং আলোচনা একসাথেই চলছে এবং চলবে।

তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা যদি এতটাই জনপ্রিয় হয়ে থাকেন তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে তা প্রমাণ করুন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া কোনো ভয় পাওয়ার নেত্রী নন। ভয় তো আপনাদেরই যেভাবে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে লুটপাট, দূর্নীতি করে এবং আপনার দলে সাদা এবং কালো বিড়ালের যে অভরায়ন্য গড়ে তুলেছেন তা আপনাদের গণতান্ত্রিক ধারা এবং বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিয়েছে।

ইলিয়াস আলীর গুমের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার বলে আমরা নাকি ইলিয়াস আলীকে গুম করে রেখেছি। আপনি ক্ষমতায় থেকে তাহলে এখোনো কেন তা বের করতে পারেননি। আসলে ইলিয়াস আলীকে সরকারই গুম করেছে।

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহর সভাপতিত্বে আরো বক্তব্য দেন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, সংগঠনের সহ-সভাপতি এম ইলিয়াস শিকদার , সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ