আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)
মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াত নেতা মাওলানা আবদুস সুবহানের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। রোববার চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের প্রথম ট্রাইব্যুনালে এ প্রতিবেদন দাখিল করা হয়। দুপুরে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমনসহ অন্যান্য প্রসিকিউটরগণ ট্রাইব্যুনাল রেজিস্ট্রারের মাধ্যমে এ প্রতিবেদন দাখিল করেন।এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রসিকিউশনের নিকট এ প্রতিবেদন জমা দেন। সুবহানের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে বলে শনিবার সংবাদ সম্মেলনে জানায় তদন্ত সংস্থা। রোববার ট্রাইব্যুনালে চূড়ান্ত তদন্ত রিপোর্ট দাখিল করা হবে বলে সংবাদ সম্মলনে জানানো হয়।
১৯৭১ সালে সংগঠিত স্বাধীনতা যুদ্ধে গণহত্যা, হত্যা, অপহরণ, আটক, নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ, ষড়যন্ত্রসহ ৯টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। মাওলানা সুবহানের বিরুদ্ধে ২০১২ সালের ১৫ এপ্রিল তদন্ত শুরু করে তা সম্পন্ন হয় ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর। এ মামলায় জব্দ তালিকার সাক্ষীসহ ৪৩জনকে সাক্ষী করা হয়েছে। ২০১২ সালে ২৩ সেপ্টেম্বর মাওলানা আব্দুস সুবহানকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।




