ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের প্রতি মানুষের আস্থা যেন নষ্ট না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের শেষ ভরসা পুলিশ। মানুষের আস্থা অর্জনের জন্য পুলিশকে কাজ করে যেতে হবে।
রোববার সকালে পুলিশ সদর দপ্তরে নবনির্মিত এনকম সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে পুলিশ বাহিনীকে আধুনিক ও সুসজ্জিত করে গড়ে তোলার জন্য একনিষ্ঠভাবে কাজ করে আসছে আওয়ামী লীগ সরকার। তারই ধারাবাহিকতায় সরকার পুলিশে ৭৩৩ টি ক্যাডার পদসহ ৩২ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ বিভাগের একাধিক দ্বিতীয় গ্রেডকে প্রথম শ্রেণীর মর্যাদা দেয়া হয়েছে। কিন্তু মিলিটারি ডিক্টেটর থাকলে পুলিশের কোন উন্নয়ন হবে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরো বলেন, পুলিশ বাহিনীকে তথ্য প্রযুক্তিতে এগিয়ে থাকতে হবে।
জামায়াত-শিবিরের সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, সহিংসতা মোকাবেলায় পুলিশের ভূমিকা অসামান্য ছিল। এজন্যে তিনি পুলিশের সকল সদস্যদের প্রশংসা করে তাদেরকে ধন্যবাদ দেন।
কর্মক্ষেত্রে কোন ধরনের চাপে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ থেকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাপানী রাষ্ট্রদূত সিউসাতো সিমো, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর. প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি.কিউ.কে মোস্তাক আহমেদসহ পুলিশের মহাপরির্দশক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার।




