ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের খুনের দায়ে গ্রেফতার তাদের একমাত্র মেয়ে ঐশীর জামিনের জন্য মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা জানান, ঐশীর জামিন চেয়ে মহানগর দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১ অক্টোবর জামিন শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত ২৪ আগস্ট আদালতে খুনের দায় স্বীকার করে ঐশী জবানবন্দি দেন। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল মর্মে উল্লেখ করে ৫ সেপ্টেম্বর এ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন করা হয়। আদালত তা নথিভুক্ত রাখার নির্দেশ দেন। বর্তমানে ঐশী কাশিমপুর কারগারে আছেন।
উল্লেখ্য, ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলিবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন তাদের মেয়ে রমনা থানায় নিজে এসে আত্মসমর্পণ করেন।




