ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ব্রিটিশ ডেপুটি স্পিকার ও পার্লামেন্ট সদস্য নাইজেল ইভানস বুধবার পদত্যাগ করেছেন। ক্রাউন প্রসিকিউশন সার্ভিসেসে তার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের আটটি অভিযোগ দায়ের করার পর তিনি পদত্যাগ করেন। সব মিলিয়ে তিনি সাত জন পুরুষের ওপর যৌন নিপীড়ন চালান বলে অভিযোগে বলা হয়েছে।
এ সম্পর্কে ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কর্মকর্তা কেইর স্টারমার বলেন, ‘লাঙ্কাশায়ার পুলিশের তদন্ত সাপেক্ষে এমপি নাইজেল ইভানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি তৎপরতা চালানোর জন্য আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে।’
তবে নাইজেল এসব অভিযোগ অস্বীকার করেছেন। বুধবার তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি নির্দোষ এবং তা প্রমাণের জন্য আমি আইনি লড়াই চালিয়ে যাবো।’ এ সময় তিনি ডেপুটি স্পিকারের দায়িত্ব থেকে পদত্যাগেরও ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির অন্যতম সদস্য নাইজেলের বিরুদ্ধে ব্রিটেনের বিভিন্ন আদালতে সব মিলিয়ে আটটি অভিযোগ দায়ের করেছে ক্রাউন প্রসিকিউটর সার্ভিস। দীর্ঘদিন পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী নেইজেলকে এর আগে ধর্ষণের ঘটনায় চলতি বছর দুইবার আটক করা হয়েছিল। তার বিরুদ্ধে দুটি অশোভন আচরণ, পাঁচটি যৌন হয়রানি এবং একটি ধর্ষণসহ সব মিলিয়ে আটটি অভিযোগ গঠন করা হয়েছে। তিনি ২০০২ থেকে ২০১৩ সালের মধ্যে এসব অপরাধ করেন।
৫৫ বছর বয়সী নাইজাল ২০১০ সাল থেকে ব্রিটিশ পার্লামেন্টর ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আর পার্লামেন্ট সদস্য রয়েছেন ১৯৯২ সাল থেকে। তিনি ১৯৯৯-২০০১ সাল পর্যন্ত ক্ষমতাসীন কনজারভেটিভ দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
তার বিরুদ্ধে আনীত এসব অভিযোগের শুনানিতে অংশ নিতে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আগামী বুধবার আদালতে হাজির হচ্ছেন নাইজেল।




