কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরাম (৪৬) কমিশনার নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার মেরিনড্রাইভ রোডের নোয়াখালীপাড়ার মিঠাপানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০ হাজার পিস ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। র্যাবের কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মেজর রুহুল আমিন আরো জানান,করেন, একরামুলের অবস্থান জানতে পেরে মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের নোয়াখালী পাড়ায় র্যাব অভিযান শুরু করে। তখন একদল ইয়াবা ব্যবসায়ী র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা কাউন্সিলর একরামুলকে সনাক্ত করেন। সেখান থেকে ১০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। টেকনাফ থানার (ওসি) রনজিত কুমার বড়ুয়া জানান, ময়নাতদন্তের জন্য একরামুলের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে টেকনাফসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।




