ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
বহুল আলোচিত তৃতীয় প্রজন্মের (থ্রিজি) তরঙ্গ নিলাম আজ। দেশের ইতিহাসে এটিই সবচেয়ে বড় নিলাম। রাজধানীর হোটেল রূপসী বাংলায় সকাল ৯টায় এই নিলামে সিটিসেল ছাড়া অন্য সব মোবাইল অপারেট অংশ নেবে।
নিলাম অনুষ্ঠানের পর অপারেটররা মোট টাকার ৬০ শতাংশ পরিশোধ করার এক-দুদিনের মধ্যেই থ্রিজি যন্ত্রপাতি আমদানি শুরু করতে পারবে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই নিলামের মাধ্যমে ৫ হাজার কোটি টাকার থ্রিজি তরঙ্গ বরাদ্দ দেয়া হবে। এর আগে ২৯ আগস্ট নিলামে অংশ নিতে আগ্রহী মোবাইল অপারেটররা জামানতের ২ কোটি মার্কিন ডলার করে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) অনুকূলে পে-অর্ডার জমা দিয়েছে।
এদিকে শনিবার বিকালে চূড়ান্ত নিলামের প্রাক-প্রস্তুতি বা নিলাম রিহার্সেল অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রামীণফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক অংশ নেয়। নিলাম রিহার্সেল অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস এ প্রসঙ্গে বলেন, নিলামের পর মোট টাকার ৬০ শতাংশ জমা দিলেই আমরা থ্রিজি যন্ত্রপাতি আমদানির জন্য বলব। এছাড়া লাইসেন্স পেতে কিছুদিন সময় লাগবে। কারণ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। চার দফা পেছানোর পর সর্বশেষ ঘোষিত সময় অনুযায়ী আজ থ্রিজি তরঙ্গের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। সময়সূচি অনুযায়ী ২৬ আগস্টের মধ্যে জামানতের টাকা জমা দেয়ার কথা বলা হলেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে কিছু ইস্যু নিষ্পত্তি না হওয়ার কারণে জামানত জমা দেয়ার সময়সীমা পরিবর্তন করে ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছিল।
দেশের ৬ অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক বর্তমানে পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে। অপারেটররা ১৫ বছরের জন্য থ্রিজি লাইসেন্স পাবে।




