ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই বাংলাদেশি হাজীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরব এসে পৌঁছেছে। (বিজি- ৫০১১) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৪৭ মডেলের এয়ারক্রাফটটি ৪১৯ জন হজযাত্রী নিয়ে স্থানীয় সময় পাঁচটা পাঁচ মিনিটে জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।
এ সময় হাজীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম, কনসাল জেনারেল নাজমুল ইসলাম, বাংলাদেশ হজ গ্রুপের নেতা হাসান জাহাঙ্গীর প্রমুখ।
হজ কনসাল আসাদুজ্জামান জানান, সৌদি সিভিল এভিয়েশনের মহাপরিচালক আবদুল হামিদ বাংলাদেশের হাজীদের স্বাগত জানিয়েছেন এবং প্রত্যেককে উপঢৌকন প্রদান করেছেন।
তিনি আরও জানান, হাজীরা নির্বিঘ্নে যথাসময়ে এসে সৌদি পৌঁছেছেন এবং রাতেই প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের মক্কায় নিয়ে যাওয়া হবে।
মক্কায় নিযুক্ত বাংলাদেশ হজ মিশনের আইটি হেলপ ডেস্কের ডেপুটি টিম লিডার আশরাফুজ্জামান জানান, হাজীদের সকল প্রকার সহযোগিতা করতে আমরা পুরোপুরি প্রস্তুত আছি।
এর আগে, শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে হজযাত্রীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যায় ফ্লাইটটি।
শনিবার প্রথম দিনে তিনটি ফ্লাইটে মোট ১৩০৫ জন হজযাত্রীর সৌদি আরব যাওয়ার কথা।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, ৩১০ জনকে নিয়ে ডিসি-১০ মডেলের দ্বিতীয় এয়ারক্রাফটি (বিজি- ৩০১১) বিকাল ৪টা৩০ মিনিটে এবং ৭টা ৪০ মিনিটে বোয়িং এ-৭৭৭ মডেলের বিমান (বিজি- ৭০১১) ৫৪২ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে।
উল্লেখ্য, এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্রায় ৯০ হাজার বাংলাদেশি হজে যাচ্ছেন। আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে এই হজ ফ্লাইট।
বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স মোট ৪৫ হাজার করে হজযাত্রী পরিবহন করবে। ৯ সেপ্টেম্বর থেকে সৌদি এয়ারলাইনস হজযাত্রী পরিবহন শুরু করবে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও সিলেট থেকেও সরাসরি হজ ফ্লাইট চলবে।




