চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
এবারও চালু হচ্ছে চট্টগ্রাম-জেদ্দা সরাসরি হজ ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ গতকাল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। বিকেলে তথ্য নিশ্চিত করেছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা মোশারফ হোসেন।
তবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-জেদ্দা হজ ফ্লাইট শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রাম থেকে সরাসরি জেদ্দা হজ ফ্লাইট কখন শুরু হবে তা জানাতে পারেননি তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীর দাবির প্রেক্ষিতে বিমান এয়ারলাইন্স কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে। ফলে চট্টগ্রাম থেকে হজে গমনেচ্ছু যাত্রীদের ভোগান্তি দূর হবে।’ ঠিক কত তারিখে চট্টগ্রাম-জেদ্দা হজ ফ্লাইট শুরু হবে আগামী দুয়েকদিনের মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
জানা গেছে, চট্টগ্রামের হজ যাত্রীদের দাবির প্রেক্ষিতে গত বছর ৩০ সেপ্টেম্বর চালু হয় চট্টগ্রাম-জেদ্দা সরাসরি হজ ফ্লাইট। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম-জেদ্দা-চট্টগ্রাম রুটে হজ ফ্লাইট চালুর দাবিতে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) আন্দোলন শুরু করে। এরপর ১৯ সেপ্টেম্বর নগরের দুই নম্বর গেইট এলাকায় হজযাত্রীদের নিয়ে বিমান অফিস ঘেরাও করে হাব এবং আটাব চট্টগ্রাম জোনের নেতারা। ওই কর্মসূচিতে সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ (আটাব) ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (হাব) নেতাসহ বিপুল সংখ্যক হাজি অংশ নেন।
বিমান এয়ারলাইন্স সূত্র জানায়, গত বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১০ হাজার ৫৫০ জন হজ পালন করেন। এর মধ্যে ৫৪ হাজার ১৭৯ হজযাত্রী পরিবহন করে বিমান এয়ারলাইন্স। তাদের মধ্যে চট্টগ্রামের হজযাত্রী ছিল ১০ হাজার।




