রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......হজযাত্রীদের জন্য চালু হলো বিমানের ই-টিকেট

হজযাত্রীদের জন্য চালু হলো বিমানের ই-টিকেট

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

অনলাইনেই হজ ফ্লাইটের টিকিট কেনার সুযোগ চালু করেছে বিমান। একটি বিশেষ ওয়েব পোর্টাল থেকে ই-টিকেটিং পদ্ধতিতে টিকিট মিলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন জন স্টিল বলাকা ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, বিমানের চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ৭ সেপ্টেম্বর। ওই দিন বেলা আড়াইটায় বিমানের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। ফ্লাইটটি পরিচালিত হবে ভাড়ায় আনা একটি বোয়িং-৭৪৭ উড়োজাহাজ দিয়ে।

কেভিন জন স্টিল বলেন, এবারই প্রথম হজের জন্য সম্পূর্ণ ইলেকট্রনিক টিকিট চালু করা হয়েছে। এরই মধ্যে হজের টিকিট বিক্রি শুরু হয়েছে। বিমানের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক শাহনেওয়াজ জানান, ট্র্যাভেল এজেন্টদের কাছ থেকে টিকিট কেটে হজযাত্রীদের যাতে হয়রানির শিকার না হতে হয়, এজন্য ই-টিকেটিং ব্যবস্থা নেয়া হয়েছে।

হজ ফ্লাইট পরিচালনার বিবরণ তুলে ধরে কেভিন বলেন, এ বছর ৫৮২ আসনের একটি বোয়িং-৭৪৭ ও একটি বোয়িং-৭৬৭ উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে। এছাড়া নিজস্ব বহরের দুটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ দিয়েও হজযাত্রীদের আনা-নেয়া করা হবে।

আর বোয়িং-৭৭৭ উড়োজাহাজগুলো যেসব রুটে চলাচল করে, সেসব রুট চালু রাখতে ব্যবহার করা হবে ভাড়ায় আনা বোয়িং-৭৬৭। এছাড়া পরিস্থিতি সামাল দিতে একটি উড়োজাহাজ স্ট্যান্ডবাই রাখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্ম মন্ত্রণালয়ের হিসাবে, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৮ হাজার ৯১১ জন হজে যাবেন। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে চুক্তি অনুযায়ী মোট হজযাত্রীর অর্ধেক বহন করবে বিমান।

বাকি অর্ধেক করবে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ও নাস এয়ারওয়েজ। এবার ৪৪ হাজার ৫০০ হজযাত্রী পরিবহনের দায়িত্ব পালন করবে বিমান। হজযাত্রী পরিবহনে বিমান এ বছর ৯২টি বিশেষ ফ্লাইট চালাবে। পাশাপাশি ঢাকা-জেদ্দা রুটের ২২টি নিয়মিত ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করা হবে। এ বছরও চট্টগ্রাম ও সিলেট থেকে হজযাত্রী পরিবহন করবে বিমান। হজের ফিরতি ফ্লাইট শেষ হবে ১৮ নভেম্বর।

বিমানের পরিকল্পনা প্রসঙ্গে কেভিন জন স্টিল বলেন, কয়েক মাসের মধ্যে বিমান বেশকিছু রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে। আগামী ফেব্রুয়ারি-মার্চে বিমানের বহরে আরো দুটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ যুক্ত হবে।

এতে নিউইয়র্ক, ইউরোপ ও চীনে ফ্লাইট চালু করা সম্ভব হবে। আগামী নভেম্বর নাগাদ অভ্যন্তরীণ রুটের জন্য প্রপেলার ইঞ্জিনচালিত উড়োজাহাজও যোগ হবে। এছাড়া ডিসি-১০ উড়োজাহাজের জায়গায় যোগ হবে সুপরিসর উড়োজাহাজ।

গত জুলাইয়ে বিমানের সময়মতো ফ্লাইট পরিচালনার হার ছিল ৬৭ দশমিক ৪ শতাংশ, আগের বছর একই সময়ে তা ছিল ৩৫ শতাংশ।

আরও পড়ুন

সর্বশেষ