ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, জামায়াত-হেফাজত বিএনপিকে সাথে নিয়ে বাংলাদেশকে জঙ্গীবাদ, মিথ্যাচার ও গুজব উৎপাদনের কারখানায় পরিণত করেছে।
গণতন্ত্রকে নিরাপদ করতে এবং শান্তি দিতে হলে বিএনপির মালিকানাধীন জঙ্গীবাদ, মিথ্যাচার ও গুজব উৎপাদনের কারখানা বন্ধ করে দিতে হবে।
তিনি বলেন, সুশিল সমাজ বেগম খালেদা জিয়ার তেঁতুল হুজুর, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধী ও জামায়াত বর্জনে খোলা চিঠি দিয়ে চাপ প্রয়োগ করবেন।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইনু বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। তাদের দাবির সঙ্গে আমাদের সংঘাত নেই। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু বিএনপি যুদ্ধাপরাধী জামায়াতকে রক্ষা এবং ঘোলাপানিতে মাছ শিকারের লক্ষ্যে আলোচনার টেবিল থেকে সরে আছে।
তথ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন গণতন্ত্রের জন্য যেমন জরুরি তেমনি রাজনীতির ময়দান থেকে তেঁতুল হুজুর, জঙ্গীবাদ এবং জামায়াতকে বিদায় জানানোও দরকার।
ইনু বলেন, নির্বাচনের পরে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় এই বিএনপি নেতারা উচু গলায় কথা বলছেন। প্রগতিশীল শক্তি সমগ্র শ্রেণী পেশার মানুষগুলো মহাজোটের পক্ষে আছে। বেগম খালেদা জিয়ার পক্ষে যুদ্ধাপরাধ ও হিজবুত তাহরীরা আছে। সুতরাং একঘরে আমরা না।
এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




