শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......আধিপত্য বিস্তারের জের ধরে চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

আধিপত্য বিস্তারের জের ধরে চবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষ

নাহিদ উল আলম, চবি প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

আধিপত্য বিস্তারের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে শনিবার দুপুরে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হবার খবর পাওয়া গেছে।

এরপর ক্যাম্পাসে দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাসে উভয় গ্রুপ এখনও মুখোমুখি অবস্থান করছে।

শাটল ট্রেনের বগিভিত্তিক ছাত্রলীগের সংগঠন ‘ভিএক্স’ এবং ‘সিক্সটি নাইন’ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে থাকা হাটহাজারী থানার ওসি (তদন্ত) আবুল কাশেম বিডিসময় টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, ‘দু’পক্ষের নেতাকর্মীদের অনেক বোঝানোর পরও তারা শান্ত হচ্ছেন না। ক্যাম্পাসে এক গ্রুপ আরেক গ্রুপের কর্মীদের দেখলেই ছুটে যাচ্ছেন, মারামারি করছেন। এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কমপক্ষে ১৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে ভিএক্স গ্রুপ বিবিএ ফ্যাকাল্টিতে তাদের বর্ষপূর্তি উদযাপন করছিল। সেখানে সিক্সটি নাইন গ্রুপের মিজানের সঙ্গে ভিএক্স গ্রুপের সিয়ামের কথা কাটাকাটি হয়। এরপর দু’জনের মধ্যে মারামারির ঘটনাও ঘটে।

বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর দু’গ্রুপের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়িতে, বিবিএ ফ্যাকাল্টিতে এবং সর্বশেষ রেলস্টেশনে এসে বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ এসে রাবার বুলেট ছুঁড়ে সংঘর্ষে লিপ্ত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপরও দু’গ্রুপ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মুখোমুখি অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষে আহতরা হলেন, মিজান, সিয়াম, আকাশ মিত্র, প্রদীপ চক্রবর্তী দুর্জয়, অমিয় এবং লিটন মিত্র।

অনুসন্ধানে জানা গেছে, ভিএক্স গ্রুপ চবি ক্যাম্পাসে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক মামুনের অনুসারী হিসেবে পরিচিত। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম এ গ্রুপ নিয়ন্ত্রণ করেন।

আর সিক্সটি নাইন গ্রুপ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেক সাংগঠনিক সম্পাদক আলমগীর টিপু নিয়ন্ত্রণ করেন। গত ২৪ জুন নগরীর সিআরবিতে টেন্ডার নিয়ে যুবলীগ-ছাত্রলীগ মারামারির ঘটনার অন্যতম আসামী টিপু। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পেয়ে আবারও ক্যাম্পাসে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ