চারদিনের রাষ্ট্রীয় সফরে রোববার নিজ জেলা কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সফরকালে তিনি মিঠামইন, কটিয়াদী, বাজিতপুর ও কিশোরগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত কিশোরগঞ্জ জেলা প্রশাসন বরাবর পাঠানো চিঠিতে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচি মতে, আজ বিকেল ৩টায় হেলিকপ্টারযোগে তিনি মিঠামইন উপজেলায় অবতরণ করবেন। পরে গার্ড অব অনার গ্রহণ শেষে রাষ্ট্রপতি বিকেল সাড়ে ৩টায় জেলা পরিষদের ডাকবাংলোতে আবদুল হামিদ মিলনায়তনে মতবিনিময় করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় মিঠামইন বাজার পরিদর্শন শেষে তিনি স্পিডবোট যোগে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সবশেষে সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ পরিদর্শন করবেন।
রাষ্ট্রপতি মিঠামইন উপজেলার কামালপুর গ্রামে নিজ বাড়িতে রাত্রিযাপন শেষে ৯ অক্টোবর সোমবার দুপুর সাড়ে ১২টায় হেলিকপ্টারযোগে বাজিতপুর উপজেলার হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে বাজিতপুর ডিগ্রি কলেজ মাঠে গার্ড অব অনার শেষে দুপুর সোয়া ২টায় তিনি শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্বর ও চারটি ব্রিজ উদ্বোধন করবেন। পরে বিকেল সাড়ে ৪টায় তিনি বাজিতপুর ডিগ্রি কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
বাজিতপুরের কর্মসূচিতে যোগদান শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল সোয়া ৫টায় হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ জেলা সদরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অবতরণ করবেন। পরে কিশোরগঞ্জে গার্ড অব অনার শেষে সন্ধ্যা ৭টায় সার্কিট হাউস মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর রাষ্ট্রপতি জেলা সদরের খড়মপট্টি এলাকায় নিজ বাসভবনে রাতযাপন শেষে পরদিন মঙ্গলবার দুপুর ১টায় সড়কপথে রাষ্ট্রপতি কটিয়াদী উপজেলায় পৌঁছাবেন। কটিয়াদী কলেজ মাঠে গার্ড অব অনার শেষে বেলা পৌনে ৩টায় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের নামফলক উদ্বোধন করবেন এবং বিকেল ৩টায় কটিয়াদী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বৎছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন।
কটিয়াদীতে অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি সড়কপথে কিশোরগঞ্জ সার্কিট হাউসে পৌঁছাবেন। পরে সন্ধ্যা ৭টায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী সমিতির সদস্য, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর রাষ্ট্রপতি জেলা সদরের নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে পরদিন ১১ অক্টোবর বুধবার বিকেল ৫টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন।




