বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বক্তব্যে সমঝোতার কোনো আশা দেখা যাচ্ছে না। সমঝোতা না হলে সংঘাত অনিবার্য। শেষ পর্যন্ত সরকার সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নেবে বলে আশা করছেন তিনি।
শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। দলের আন্দোলনের কর্মসূচি বিষয়ে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সমঝোতার কোনো আশা না দেখলেও সরকারকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, এখনো সময় আছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনুন। অন্যথায় যে অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা সৃষ্টি হবে, এর পুরো দায় সরকারকেই নিতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, যারা ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালন করে, তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, মাঝেমধ্যে সৈয়দ আশরাফ চাপে পড়ে এমন কথা বলেন। তিনি বলেন, সংলাপ ছাড়া কোনো বিকল্প নেই। সংলাপ ছাড়া রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে না। সৈয়দ আশরাফই এ কথা বলেছিলেন। সরকার সংলাপের উদ্যোগ নেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।
মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির জোটের শরীকদের সঙ্গে বৈঠক শেষে পূর্ণাঙ্গ কর্মসূচি তুলে ধরা হবে।
বিএনপির এই নেতা বলেন, ২৫ অক্টোবরের পর কী হবে, মানুষ জানে না। কারণ প্রধানমন্ত্রী ও সরকার বলছে এ সময়ের মধ্যে সংসদ ভেঙে দেওয়া হবে। সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, তা সম্ভব নয়। এ অবস্থায় একটি সাংবিধানিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন ফখরুল।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন জনগণের ওপর চাপাতে চাইছে সরকার। কিন্তু জনগণ সাজানো নির্বাচন মানবে না।
সরকারের সর্বোচ্চ মহলের লোকজন আবোল–তাবোল কথা বলছেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের সর্বোচ্চ মহলের লোকজন আবোল-তাবোল কথা বলছেন। তিনি বলেন, কিছুদিন আগে সৈয়দ আশরাফুল ইসলাম চলমান সংকট নিরসনে সমঝোতার জন্য পদক্ষেপ নেয়ার কথা বললেও গতকাল প্রধানমন্ত্রীর সামনে বলেছেন, বিরোধী দলের সঙ্গে সমঝোতা হবে না। মূলত শেষ সময়ে এসে নার্ভাস হওয়ার কারণেই তাঁরা এমন স্ববিরোধী কথা বলছেন।
আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদী নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধান, ‘আমার দেশ’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
খন্দকার মোশাররফ বলেন, নির্দলীয় সরকার ছাড়া বিএনপি ও ১৮ দল কোনো নির্বাচনে যাবে না। তাই অবিলম্বে এ ব্যবস্থা পুনর্বহাল করে নির্বাচনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।




