রাজধানীতে সস্ত্রীক খুন হওয়া পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমানের মেয়ে ঐশী শনিবার দুপুরে পল্টন থানায় আত্মসমর্পণ করেছেন। শনিবার দুপুরে রাজধানীর ডিবি কার্যালয়ে এ তথ্য জানান ঐশীর খালু রবিউল আলম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। রবিউল আলম জানান, শনিবার বেলা ১টার দিকে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন। এরপর বেলা আড়াইটার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। পরবর্তীতে বেলা পৌনে ৩টার দিকে তাকে নিয়ে পুলিশ কর্মকর্তারা ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান বলেও জানান রবিউল।
তবে ঐশীর আত্মসমর্পণের বিষয়ে মুখ খুলছে না পুলিশ। এমনকি তাকে ডিবি কার্যালয় থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও জানাননি তারা। শুক্রবার রাতে চামেলীবাগের ফ্ল্যাটের দরজার তালা ভেঙ্গে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে নিহত দম্পতির ১৭ বছর বয়সী মেয়ে ঐশীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।




