যশোরের বেনাপোলে বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে কলিম উদ্দিন (৩২) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বিজিবির ভাষ্য, কলিম উদ্দিনের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘরিয়া থানা এলাকায়। বেনাপোল চেকপোস্ট হয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। এ সময় তাঁর কাছ থেকে ৫৭ হাজার ৫০০ সৌদি রিয়াল, ভারতীয় ৮০০ রুপি ও চার হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, বেনাপোল চেকপোস্টে যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে যাওয়ার সময় কলিম উদ্দিনের ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগে আটটি বেনারসি শাড়ি পাওয়া যায়। পরে ক্যাম্পে নিয়ে তাঁর দেহ তল্লাশি করে ৫৭ হাজার সৌদি রিয়াল, ভারতীয় রুপি ও টাকা উদ্ধার করা হয়। বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্টের (আইসিপি) ক্যাম্প কমান্ডার বিজিবির নায়েব সুবেদার মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি বিভিন্ন দেশের মুদ্রা পাচার করে থাকেন। উদ্ধার করা বৈদেশিক মুদ্রা ও টাকাসহ ওই ব্যক্তিকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হবে।




