‘জীবনে যাদের হররোজ্ রোজা ক্ষুধায় আসে না নিদ
মুমূর্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?
হ্যাঁ,আজ ঈদ। শুধুই আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ উৎসবের মধ্য দিয়ে আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছে দেশের মুসলমান সম্প্রদায়।
কোটি কোটি মুসলমান সারাদেশে অসংখ্য স্থানে ঈদগাহে কিংবা মসজিদে শুক্রবার সকালে ঈদের নামাজ পড়েছেন। এরপর বাড়ি বাড়ি ফিরে মিষ্টিমুখ করে আত্মীয়-বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের এই উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও।
দেশের প্রধান ঈদ জামাত হয় সুপ্রিম কোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে। রাষ্ট্রপতিসহ গুরুত্বপূর্ণ অনেকে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠেয় এই জামাতে শরিক হন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা অন্তর পাঁচটি ঈদ জামাত হবে।
প্রতিবারের মত এবারো দেশের বৃহত্তম ঈদ জামাতটি হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মাওলানা ফরীদউদ্দীন মাসঊদের ইমামতিতে সকাল ১০টায় অনুষ্ঠেয় এই জামাতে অংশ নেয় লাখো মুসল্লি।
বিপুল সংখ্যক মুসল্লির জন্য সঙ্কেত হিসেবে সেখানে নামাজ শুরুর ৫ মিনিট আগে ৩টি, ৩ মিনিট আগে ২টি ও ১ মিনিট আগে ১টি শটগানের গুলি ফোটানো হয়। দূর-দূরান্ত থেকে মুসল্লিদের আসার সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।
একটি ট্রেন সকাল পৌনে ৬টায় ময়মনসিংহ থেকে এবং অন্যটি সকাল ৬টায় ভৈরব থেকে কিশোরগঞ্জ শোলাকিয়া মাঠের উদ্দেশে ছেড়ে আসবে। নামাজ শেষে ট্রেন দুটি পুনরায় দুপুর ১২টায় গন্তব্যে ছেড়ে যাবে।
সরকারি ছুটিতে নগর ছেড়ে চাকরিজীবী ও ব্যবসায়ী অনেকে প্রতিবারের মতো এবারো সপরিবারে গেছেন গ্রামে স্বজনদের সঙ্গে ঈদ করতে। এই যাত্রায় অনেক দুর্ভোগও ছিল।
মধ্যপ্রাচ্যে বুধবার শওয়ালের চাঁদ দেখা যাওয়ায় বৃহস্পতিবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, মিশর, ইয়েমেন ও লিবিয়ায় ঈদ উদযাপিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মুসলমানরাও ঈদ করেছেন একই দিনে।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী নেত্রীর শুভেচ্ছা
ঈদুল ফিতরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ঈদ সব মানুষের মধ্যে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। এদিন ধনী-গরিব, আশরাফ-আতরাফ নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয় এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেয়।
“শান্তিপূর্ণ ও সৌহার্দ্যময় সমাজ গঠনে ঈদ-উল-ফিতরের আবেদন তাই চিরন্তন।”
প্রধানমন্ত্রী জীবনের সর্বক্ষেত্রে ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
বাণীতে তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে।
ঈদের দিন শুক্রবার সকালে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
বিরোধীদলীয় নেতা ঈদের শুভেচ্ছা বাণীতে বলেন, “হানাহানি, হিংসা,বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই আজকের এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।”
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দেশবাসীকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সরকারি কর্মসূচি
ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল, কারাগার, শিশু পরিবার, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সরকারি আশ্রয় কেন্দ্র, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টেলিভিশনগুলো ঈদের দিন ধরে কয়েকদিন বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। ঈদ উপলক্ষে সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যাও ইতোমধ্যে প্রকাশ করেছে।
ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুরা বিনা টিকিটে ঢাকা সিটি কর্পোরেশন (উত্তর ও দক্ষিণ)-এর আওতাধীন সব শিশুপার্কে ঢুকতে পারবে। তারা বিনা টিকিটে দেখতে পারেবে ঢাকা জাদুঘরও।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে মহানগরীতে প্রীতি ফুটবল খেলার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনি অনুষ্ঠান হবে।
জাতীয় পর্যায়ের সঙ্গে সমন্বয় রেখে স্থানীয় পর্যায়ে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী ঈদের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।




