ডিজিটাল সিস্টেম চাকরিসহ বিভিন্ন ক্ষেত্রে তদবির অকার্যকর করে দিচ্ছে মন্তব্য করে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন আর স্লোগান নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের যে স্বপ্ন দেখিয়েছিলেন তা নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে। ২১ জানুয়ারি তিন দিনব্যাপী ‘বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলা-২০১৭’ এর উদ্বোধনী দিনে এ কথা বলেন তিনি। জেলা পর্যায়ে অনুষ্ঠিত ডিজিটাল মেলা থেকে বাছাইকৃত উদ্ভাবনী কর্মকাণ্ড ও অনন্য অর্জন নিয়ে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন হকি মাঠে শুরু হয়েছে এই মেলা।
এতে চট্টগ্রাম বিভাগের অধীন বিভিন্ন সরকারি দপ্তর, সেবাখাত, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশান্স প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৯টি স্টল অংশগ্রহণ করেছে।
ডিজিটাল সিস্টেমের তদবির অকার্যকর প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপরিষদ সচিব বলেন, ‘এখন চাইলেই কোনো শিক্ষার্থী নিজের ইচ্ছেমতো এক মেডিকেল কলেজ থেকে আরেক মেডিকেল কলেজে স্থানান্তরিত হতে পারবে না। তাকে সিস্টেম অনুসারে অনলাইনে আবেদন করতে হবে। যোগ্য হলেই তবে পছন্দনীয় মেডিকেলে স্থানান্তরিত হতে পারবে। না হয় যত বড় ক্ষমতাবানই হোক, যত বড় তদবিরই হোক স্থানান্তরিত হতে পারবে না। সব ক্ষেত্রেই এরকম হচ্ছে। তাকে ডিজিটাল সিস্টেমের মধ্যে দিয়েই যেতে হবে।’
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক সামসুল আরেফিন। ডিজিটাল মাধ্যম হিসেবে ফেসবুক অনেক যুগান্তকারী কাজ করছে এমন উদাহরণ দিতে গিয়ে মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘বরিশালে জেল খাল নামের একটি ঐতিহ্যবাহী খাল দীর্ঘদিন ধরে মরা নদীতে পরিণত হয়ে গিয়েছিল। ফেসবুকের মাধ্যমে ২৫ থেকে ৩০ হাজার মানুষ একত্রিত হয়ে এই মরা নদীকে পুনরুজ্জীবিত করেছে। একইভাবে টাঙ্গাইলেও এরকম একটি ঘটনা ঘটেছে। এটাই ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে ওঠার নমুনা।’
সরকারি প্রতিষ্ঠানে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে জনগণের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের মনিব মনে করতো। এখন আর সেটি নেই। আগে সরকারি প্রতিষ্ঠানে গেলে ‘কেনো আসছেন?’ এভাবে কড়াভাবে প্রশ্ন করতো। আর এখন বলেন, ‘‘আমি কি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারি।’’
তরুণদের ডিজিটাল শিক্ষা দিয়ে রপ্তানি করার উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের প্রায় এক কোটি মানুষ বিদেশে কাজ করছেন। কিন্তু তারা সেখানে বড় পদের চাকরিতে নেই। প্রশিক্ষণ না থাকায় খুবই নিম্নমানের চাকরি করতে হচ্ছে তাদের। তাই আমরা চাচ্ছি তরুণদের ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করে রপ্তানি করতে। তাহলে আমাদের দেশে আরও অনেক বেশি রেমিটেন্স আসবে।
হালদা নদীকে চট্টগ্রামের আইফেল টাওয়ার সমতূল্য মন্তব্য করে মন্ত্রীপরিষদ সচিব বলেন, এরকম নদী সারা বিশ্বে আর নেই। এই নদী হলো চট্টগ্রামের পরিচিতি। এটি চট্টগ্রামের জন্য আইফেল টাওয়ারের মতো পরিচিত।
বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, রূপকল্প ২০২১ বাস্তবায়ন এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবায় উদ্ভাবনী ধারণাসমূহ বাস্তবায়নের মাধ্যমে কম খরচে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় যে সকল সেবা নিশ্চিত করা হচ্ছে তা জানানোর জন্যই এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার প্রথমদিন বিকেল তিনটায় থাকবে ‘সল্ভ এ থোন’ প্রতিযোগিতা, দ্বিতীয় একই সময়ে থাকবে ‘জনপ্রশাসনে উদ্ভাবন সংস্কৃতি’ শীর্ষক অনুষ্ঠান।
মেলার শেষ দিন বিকেল সাড়ে তিনটায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে ‘সল্ভ এ থোন’ প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের এবং বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উদ্ভাবনকারী ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। মেলায় সমন্বয়ক হিসেবে আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান।




