নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ২৭ ডিসেম্বর রাতে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজধানীর গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর আয়োজন করে। খালেদা জিয়া বলেন, নির্বাচন নিয়ে তারা বাহাদুরি দেখাচ্ছে। কিন্তু জনগণ এতো বোকা না। ভেতরে কী ষড়যন্ত্র হয়েছে তা জনগণ ভালোই বুঝতে পেরেছে। নির্বাচন উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্ররায়।



