টানা তিন বছর থেকে ঘাটতি পূরণ করতে পারছে না দেশের অন্যতম বড় দল বিএনপি। এক্ষেত্রে প্রতি বছর দলটির আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা দলের আয়-ব্যয়ের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। বিএনপির আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করে দেখা গেছে, ২০১৩ সালে (পঞ্জিকা বছর) দলটি ৭৬ লাখ ৫ হাজার ৭৬২ টাকা আয়ের বিপরীতে ২ কোটি ২৭ লাখ ২৫ হাজার ৩২৬ টাকা ব্যয় দেখিয়েছিলো। সে সময় ঘাটতি ছিলো প্রায় দেড় কোটি টাকা। ২০১৪ সালের (পঞ্জিকা বছর) দলটি বিভিন্ন খাতে দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা আয় দেখিয়েছে। আর ব্যয় দেখিয়েছে তিন কোটি ৫৩ লাখ তিন হাজার টাকা। এতে আয়ের চেয়ে ৬৫ লাখ ৫৪ হাজার ৪২৬ টাকা বেশি ব্যয় হয়েছে দলটির।
আর সর্বশেষ ২০১৫ সালের (পঞ্জিকা বছর) হিসাব অনুযায়ীও ১৪ লাখ ২৬ হাজার ২৮৪ টাকা ঘাটতিতে রয়েছে বিএনপি। ১৬ আগস্ট ওই হিসাব জমা দিয়েছে দলটি। এতে বিএনপি আয় দেখিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৩৬৫ টাকা। আর ব্যয় দেখিয়েছে ১ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৬৪৯ টাকা।




