ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
ক্ষমতায় গেলে মেধার ভিত্তিতে বিএনপি চাকরি দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, বর্তমান সরকারের আমলে বাদ দিলেও ক্ষমতায় গেলে কোটাবিরোধী আন্দোলনকারীদের মেধার ভিত্তিতে চাকরি দেয়া হবে, কাউকে বাদ দেয়া হবে না।
সোমবার রাজধানীর হোটেল পূর্বাণীতে ১৮-দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের ইফতারে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলে কোটা পদ্ধতির প্রয়োগ হওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। প্রথম দিকে তারা ওই ফলাফল বাতিলের দাবি জানালেও পরবর্তী সময়ে এ আন্দোলন কোটাবিরোধী আন্দোলনে রূপ নেয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাঙচুর চালান কোনো কোনো আন্দোলনকারী।
তাদের উদ্দেশে গত বৃহস্পতিবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “কোটাবিরোধী আন্দোলনে যারা ভাঙচুর চালিয়েছে, পিএসসিসহ অন্য কোথাও তাদের চাকরি হবে না।” এর কয়েকদিন পর কোটাপদ্ধতি নিয়ে কথা বললেন খালেদা।
কোটার বিরুদ্ধে আন্দোলনকারীদের সমর্থন করে তিনি বলেন, “ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ ঝাঁপিয়ে পড়েছে। তাদের দাবি ‘জেনুইন’।
আবার প্রধানমন্ত্রী বলছেন, ভিডিও ফুটেজ দেখে চাকরি থেকে বাদ দেয়ার কথা বলছেন। এ সরকারের আমলে বাদ গেলেও আগামীতে আমরা মেধার ভিত্তিতে চাকরি দেয়া দেবো। এদের কাউকে বাদ দেয়া হবে না।”
সরকারকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেন, “সরকার সাড়ে চার বছরে উন্নয়ন করে নাই। শুধু মিথ্যাচার, অত্যাচার আর দুর্নীতি করেছে। আর যে সরকারের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, সে দেশে আল্লাহর রহমত নাযিল হতে পারে না।”
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, “এই কমিশন মেরুদণ্ডহীন ও অথর্ব। তার কোনো যোগ্যতা নেই। এরা নিজেরা কথা বলতে পারে না। নিজস্ব কোনো অধিকার নেই।”
ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামীর সভাপতিত্বে ইফতারে আরো অংশ নেন বিএনপির স্থায়ী সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবিদন, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম ও দৈনিক নিউ নেশনের সাবেক সম্পাদক গোলাম মোস্তফা মজুমদার।
১৮-দলীয় জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আবদুল হালিম, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা শামসুল আলম, ইসলামী ঐক্যজোটের নেতা আবদুর রকীব অ্যাডভোকেট, ভাইস-চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনী, মূফতি ফয়জুল্লাহ, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তুজা, ইসলামিক পার্টির অ্যাডভোকেট আবদুল মুবিন, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান, পিপলস লীগের গরীবে নেওয়াজ, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, এনপিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির যুগ্ম মহাসচিব এম এম আমিনুর রহমান ও ডিএলের সাইফুদ্দিন মনি।
ইফতার-পূর্ব আলোচনায় ইসলামী ঐক্যজোটের সাবেক আমির মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন ১৮ দলের শীর্ষ নেতারা।




