সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদটপবড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদার লিভ টু আপিল

বড় পুকুরিয়া খনি দুর্নীতি মামলায় খালেদার লিভ টু আপিল

বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বৈধতা প্রশ্নে আবেদন খারিজ করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২৬ জুন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা রিট গত বছরের ১৭  সেপ্টেম্বর বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। ২৫ মে হাইকোর্টের দেওয়া রায়ের নয় মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।

মামলার বিবরণে জানা যায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। চীনা প্রতিষ্ঠান কনসোর্টিয়াম অব চায়না ন্যাশনাল মেশিনারিজ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশনের (সিএমসি) সঙ্গে বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ চুক্তির মধ্য দিয়ে রাষ্ট্রের প্রায় ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয় এ মামলায়।

ওই বছর ৫ অক্টোবর ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক। পরে এ মামলার বৈধতা প্রশ্নে রিট করে করেন তিনি। ওই সময় হাইকোর্ট স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন। হাইকোর্টের রায়ের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, খালেদা জিয়ার আবেদন খারিজ হওয়ায় এ মামলার স্থগিতাদেশ উঠে গেছে। বর্তমানে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার বিচারকাজ ঢাকার বিশেষ জজ আদালত-৯ বিচারক আমিনুল ইসলামের আদালতে চলছে। আগামী ১৭  জুলাই এ মামলায় খালেদা জিয়াকে ওই আদালতে উপস্থিত হতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ