লোহাগাড়া থানা সংলগ্ন চার রাস্তার মাথা এলাকায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুমিতা রাণী (২৮) ও সীমা রাণী (৬) সর্ম্পকে মা-মেয়ে। নিহত অপরজন হলেন আরাফা বেগম (৫০)। সুমিতার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তার স্বামী লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে চাকরি করেন। লোহাগাড়ায় পরিবার নিয়ে থাকতেন সুমিতা। অন্যদিকে আরাফা বেগম লোহাগাড়া চার রাস্তার মাথা এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) মো. কেফায়েত উল্লাহ জানান, একটি মোটরসাইকেলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কুমিল্লা থেকে আসা এশিয়ান লাইন সার্ভিস নামে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রণ রাখতে পারেনি। এসময় বাসটি ফুটপাতে থাকা পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে সহ তিনজন নিহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শফিকুর রহমান ও স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী জ্যোতি আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের লাশ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




