বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়চলছে বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ

চলছে বার কাউন্সিল নির্বাচনে ভোটগ্রহণ

আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল দশটা থেকে সারা দেশের ভোটকেন্দ্রগুলোতে একযোগে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত চলা এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন দেশের ৪৩ হাজারের বেশি আইনজীবী সদস্য। ঢাকার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন এবং পুরান ঢাকার দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দিচ্ছেন ভোটাররা। এ দুই কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে ভোটগ্রহণ শুরুর পর থেকেই।

দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্র এবং বাজিতপুর, ঈশ্বরগঞ্জ, দুর্গাপুর, ভাঙ্গা, চিকন্দি, পটিয়া, সাতকানিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, নবীনগর ও পাইকগাছাসহ  দেশের ১২ উপজেলা পর্যায়ের দেওয়ানি আদালত অঙ্গণের ভোটকেন্দ্র থেকেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর আসছে। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী, প্রত্যেক ভোটারকে তাদের জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্ট দেখিয়ে ভোট দিতে হচ্ছে। এর আগে কয়েক দফা পেছানোর পর অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। প্রথমে গত ২০ মে নির্বাচন হওয়ার কথা থাকলেও এক আবেদনে সেটি পিছিয়ে ২৭ মে দিন ধার্য করা হয়। এরপর আবার হাইকোর্টের এক আইনজীবী বার কাউন্সিল নির্বাচন-২০১৫ এর তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করলে হাইকোর্ট তা তিন মাসের জন্য স্থগিত করে রুল জারি করেন।

হাইকোর্টের এ আদেশের স্থগিতাদেশ চেয়ে বার কাউন্সিল থেকে আপিল  দায়ের করলে ভোটার তালিকা হালনাগাদের শর্তে আপিল বিভাগ প্রথমে ১৩ আগস্ট তারিখ ধার্য করে দেন। পরবর্তীতে আবারও সময় আবেদন করলে ২৬ আগস্ট তারিখ ধার্য করে দেন। সে মোতাবেক বুধবার বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশোধিত ভোটার তালিকা অনুযায়ী, সারাদেশের ৪৩ হাজার ৩০২ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এ নির্বাচনে।  প্রতি তিন বছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়।

বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর বাকি ১৪ জন আইনজীবী সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। এই ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবারের বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের প্যানেলে রয়েছেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, পরিমল চন্দ্র গুহ, জেড আই খান পান্না ও শ.ম. রেজাউল করিম।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ