মাগুরা শহরের পিটিআই এলাকা থেকে ৮০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন আট কেজি। যার দাম প্রায় তিন কোটি টাকা। বুধবার সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের ঘিওর থানার মৃত সন্তোষ কুমার শীলের ছেলে সুবোধ কুমার শীল (৩২), মানিকগঞ্জের গোয়াপাড়ার সুখরঞ্জন শীলের ছেলে নিরঞ্জন শীল (৩৪) ও ঢাকার সাভার পৌর এলাকার চিত্ত রঞ্জন শীলের ছেলে সুমন শীল (৩০)।
মাগুরার ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা থেকে সাতক্ষীরাগামী সংগ্রাম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসের ওই তিন যাত্রীর দেহ তল্লাশি করে ৮০টি সোনার বার পাওয়া যায়। তিনি আরো জানান, সোনার বারগুলো ঢাকা থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। তারা আন্তর্জাতিক কোনো সোনা পাচারকারী সংগঠনের সঙ্গে জড়িত কিনা সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম।




