সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়াখালি ভূমিহীন জনপদে জমি দখল করতে এসে গণপিটুনিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছেন। সোমবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-দস্যু আশরাফ মীর ও ইসহাক। কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চিংড়াখালি ভূমিহীন জনপদে জমি দখল করার জন্য হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় তাদের হামলায় অন্তত ২০ জন আহত হয়।
স্থানীয়রা জানান, উচ্ছেদ করে জমি দখলের লক্ষ্যে ভোরে হঠাৎ করেই চিংড়াখালি ভূমিহীন জনপদে হামলায় চালায় দস্যু আশরাফ মীরের নেতৃত্বে ৫০/৬০ জন সশস্ত্র সন্ত্রাসী। এ সময় আতঙ্ক সৃষ্টির জন্য কমপক্ষে ৪০টি বোমার বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। এছাড়া গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এ সময় বোমার আওয়াজে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের হামলায় ভূমিহীন ফিরোজ, গফুর ও মনিসহ ওই জনপদের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছেন। এ সময় ভূমিহীনরা পাইপ গান ও তিনটি বোমাসহ দস্যু আশরাফ মীর, তার সহযোগী ইসহাক ও আবু বকরকে ধরে ফেলে গণপিটুনি দেয়।। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের আটক এবং একটি পাইপগান ও তিনটি বোমা জব্দ করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তাদের মধ্যে আশরাফ ও ইসহাকের মৃত্যু হয়। প্রসঙ্গত, চিংড়াখালির ভূমিহীনরা ১৩ বছর ধরে সেখানকার খাসজমিতে বসবাস করে আসছেন।




