রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাদীর অসমাপ্ত জেরা চলছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বাদীর অসমাপ্ত জেরা চলছে

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের অসমাপ্ত জেরা চলছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের মতো তাকে জেরা করছেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সোমবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানির নির্ধারিত দিনে আসামিপক্ষের এ জেরা শুরু হয়েছে।  দুই মামলায়ই এ পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন বাদী ও প্রথম সাক্ষী হারুন-অর রশিদ। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে আসামিপক্ষের জেরা প্রথমে চলছে। এর আগেও তাকে আংশিক জেরা করা হয়েছে গত ১৮ জুন ও ২৩ জুলাই।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের সোয়া পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। শুনানিতে অংশ নিতে আদালতে রয়েছেন মামলা দু’টির প্রধান আসামি খালেদা। সকাল সোয়া ৯টা তিনি গুলশানের বাসা থেকে রওনা হয়ে সাড়ে দশটায় আদালতের এজলাসকক্ষে হাজির হন।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদের জেরা স্থগিত রাখার আবেদন জানিয়েছেন খালেদা। এ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাতিল চেয়ে করা খালেদার আবেদন সম্প্রতি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে আপিল বিভাগে লিভ টু আপিল করবেন এবং হাইকোর্টের আদেশের সত্যায়িত অনুলিপি তারা পাননি উল্লেখ করে জেরা স্থগিতের আবেদনটি জানান খালেদার আইনজীবীরা। এ আবেদনের বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। এ আবেদনের নিষ্পত্তি হলে সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও হারুন-অর রশীদকে আসামিপক্ষের জেরা হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ