জায়গা-জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। রোববার গভীর রাতে বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বেলগাঁও চা বাগানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মা বানু বালা(৭০) ও ছেলে সাধন চন্দ্র মহাজন(৪০)। এদের মধ্যে সাধন চন্দ্র চা বাগানের কর্মচারী। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন,‘গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে পুকুরিয়া চা বাগানের এক কর্মচারী ও তার মা আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে জায়গা-জমি বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ’
তিনি বলেন,‘জায়গা-জমি নিয়ে চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এ নিয়ে একটি মামলাও বিচারাধীন রয়েছে। মামলায় আজকে(সোমবার) আদালতে হাজিরার সময় নির্ধারণ ছিল। রোববার রাত ১টার দিকে কে বা কারা চা বাগানের কর্মচারী সাধন চন্দ্রকে বাসায় থেকে ডেকে নিয়ে প্রথমে ছুরিকাঘাত করে পরে গুলি করে। দুর্বৃত্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।’
পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোছাইন বলেন,‘চা বাগানের কিছু জমি পাশের বাণিগ্রামের বাসিন্দাদের দখলে ছিল। চা বাগান দিন দিন বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ জায়গাগুলো দখলে নেওয়ার চেষ্টা করলে বিরোধ শুরু হয়। সোমবার রাতে অস্ত্রধারী চার পাঁচজন লোক চা বাগানের কর্মচারী সাধন চন্দ্রের বাসায় ঢুকে গুলি করে। জায়গা জমির বিরোধে এ ঘটনা ঘটতে পারে। কারণ অস্ত্রধারীরা বাসা থেকে কিছু নিয়ে যায়নি।’
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবদুল হামিদ বলেন,‘রাত আড়াইটার দিকে বাঁশখালী থেকে গুলিবিদ্ধ দুইজনকে আহতবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাধন চন্দ্রকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ও বানু বালাকে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।’




