স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, খালেদা জিয়াকে গ্রেপ্তারের পরোয়ানা এখনো পুলিশের কাছে পৌঁছেনি, পৌঁছলে আদালতের নির্দেশ অনুযায়ী খালেদা জিয়াকে গ্রেপ্তারের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে। এক্ষেত্রে তিনি বিএনপি চেয়াপারসন সেটা দেখা হবে না। আইন সবার জন্য সমান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি যদি আইন অমান্য করেন, তাহলে পুলিশ তার দায়িত্ব পালন করবে। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামীকাল বুধবার পরবর্তী দিন ধার্য করেন। গতকাল পর্যন্ত আদালতের পরোয়ানা সংশ্লিষ্ট থানার পুলিশ পায়নি বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার লুৎফুল কবীর।



