রাজধানীর কদমতলী থানার ধোলাইপাড় এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধ-হরতাল সমর্থকরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আকস্মিকভাবে যাত্রীবাহী বোরাক পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো জ-১১-২৯৭৭) আগুন ধরিয়ে দেয় অবরোধ ও হরতাল সমর্থকরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এতে কোনো হতাহত হয়নি বলে জানান ফরহাদ। রাজধানীতে কর্মসূচি করতে না দেওয়ায় ৫ জানুয়ারি বিকাল থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। এরমধ্যে মাঝে দু-একদিন বিরতি দিয়ে বেশ কয়েকবার হরতালও পালন করছে সরকার বিরোধী এ রাজনৈতিক জোট।



