বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত ৩১ বিজিবি ব্যাটালিয়নের নায়েক সুবেদার মিজানুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল নয়টা ১০ মিনিটের দিকে বিজিবির নাইক্ষ্যংছড়ির ব্যাটালিয়ন সদর দপ্তরের মিজানুরের জানাজা হয়। এতে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার (বিকিউএম) খোরশেদ আলম বলেছেন, বেলা পৌনে ১১টার দিকে মিজানুরের লাশবাহী হেলিকপ্টার তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারের উদ্দেশে রওনা হয়। দুপুরে গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে মিজানুরকে দাফন করা হবে। গত ২৮ মে নাইক্ষ্যংছড়ির সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের ওপর বিনা উসকানিতে গুলিবর্ষণ করে বিজিপি। এ ঘটনায় প্রাণ হারান বিজিবি সদস্য মিজানুর। তাঁর লাশ পড়ে ছিল মিয়ানমার অংশে।
গত ৩০ মে মিজানুরের লাশ নিতে গেলে ফের অতর্কিতে গুলি ছুড়তে শুরু করেন বিজিপি সদস্যরা। পাল্টা জবাব দেন বিজিবির সদস্যরা। এরপর ওই দিন দুই পক্ষের মধ্যে আড়াই ঘণ্টা গুলিবিনিময় হয়। গত শনিবার শেষ পর্যন্ত মিয়ানমার বিজিবি সদস্য মিজানুরের লাশ ফেরত দেয়। গতকাল রোববার দুপুরে পাইনছড়ি এলাকা থেকে নায়েক মিজানুর রহমানের মরদেহ বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে আসা হয়।




