হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিন কেজি স্বর্ণের বারসহ আরিফ হোসেন (২৯) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শুক্রবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সামছুল আরেফিন খান বলেন, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের বিজি-০৮ নং ফ্লাইটে চড়ে সকালে শাহজালালে অবতরণ করেন আরিফ। গোপন সংবাদের ভিত্তিতে তার শরীর তল্লাশি চালিয়ে তিন কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কাস্টমসের সহকারী কমিশনার।



