রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে জামায়াত নেতাদের বিরুদ্ধে

সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে জামায়াত নেতাদের বিরুদ্ধে

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ আটক হওয়া ২১ জনের বিরুদ্ধে নগরীর কোতয়ালী থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের হয়েছে। সোমবার গভীর রাতে কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) ইমাম হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখিয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাতদিনের রিমান্ডের আবেদন জানানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।

নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার শাহ মো.আব্দুর রউফ  বলেন, রাষ্ট্রবিরোধী পরিকল্পনার বৈঠক থেকে আটক এবং তাদের হেফাজত থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় সুনির্দিষ্টভাবে ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আলাদাভাবে বিস্ফোরক আইনে কোন মামলা করা হবে কিনা তা যাচাই-বাছাই চলছে বলে জানান সহকারী কমিশনার।

এদিকে সন্ত্রাস দমন আইনে দায়ের হওয়া মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন কোতয়ালী থানার এস আই মো.রফিকুল ইসলাম। তিনি  জানিয়েছেন, ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেয়ার একটি আবেদন আদালতে পাঠানো হয়েছে। দুপুরে গ্রেপ্তার হওয়া ২১ জনকে আদালতে হাজির করা হবে। সোমবার বিকেলে নগরীর দেওয়ানবাজার এলাকায় জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে ২১ জনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে বেশকিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়।

আটক হওয়া ২১ জনের মধ্যে আছেন, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.হাবিবুর রহমান, দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ের কর্মচারী মো.মাঈনুদ্দিন ও নগর জামায়াতের কার্যালয়ের কর্মচারী আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম বন্দরের কর্মচারী আব্দুল হাকিম, বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের (বিসিএসআইআর) কর্মচারী এবিএম মনিরুজ্জামান, জামায়াত কার্যালয়ের মসজিদের মুয়াজ্জিন মো.সেলিম উদ্দিন, নগর জামায়াতের সদস্য জাকির হোসেন, ডা.সৈয়দ মো.আলম, আইয়ূব আলী ও আব্দুল মতিন, পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মোতালেব, ইসলামিয়া একাডেমির কর্মচারী সিদ্দিকুর রহমান, দেওয়ানবাজার ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক শাহ আলম, দেওয়ানবাজার মসজিদের খাদেম ইব্রাহিম এবং জামায়াতের সক্রিয় সদস্য তৌহিদুল আলম, আবুল হাশেম ও ফারুক আজম। জামায়াত কার্যালয় থেকে উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে আছে, দেড় কেজি পটাশ, দুই লিটার পেট্রল এবং বেশ কয়েকটি বোতল।

আরও পড়ুন

সর্বশেষ