চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসববাসরতদের চিহ্নিত করতে কাজ শুরু করছে পাহাড় ধ্বস ও প্রাণহানি রোধে গঠিত পুনর্বাসন কমিটি। কার্যক্রম শুরুর প্রথম দিনে শুক্রবার নগরীর চারটি পাহাড়ে ২ শ ৫৯টি ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এ কার্যক্রম চলে।
জেলা প্রশাসন সূত্র জানায়, পাহাড় ব্যবস্থাপনা কমিটির পক্ষে প্রাথমিকভাবে বিভিন্ন ভূমি অফিসের অধীনে ঝুঁকিপূর্ণ বসতি চিহ্নিত করার কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদনের প্রেক্ষিতে গঠিত পুণর্বাসন কমিটি চূড়ান্ত উদ্যোগ নিবে। প্রথম দিনে নগরীর বাটালী হিল পাহাড়, টাংকি পাহাড়, মতিঝর্ণা পাহাড় ও এ কে খান পাহাড় পরিদর্শন করা হয়েছে। এসব পাহাড়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ২৫৯টি পরিবারের মধ্যে ৮০টি অতি ঝুঁকিপূর্ণ এবং ১ শ ৭৯টি সাধারণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সদর সার্কেলের ভূমি কমিশনার সামিউল মাসুদ বলেন, ‘ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকা অনুযায়ী সদর সার্কেলের দুইটি পাহাড় পরিদর্শন করা হয়েছে। পূর্ণাঙ্গ তালিকার জন্য আরো কয়েকদিন কাজ করতে হবে।’ নগরীর আগ্রাবাদ সার্কেলের ভূমি কমিশনার শাম্মী আখতার বলেন,‘ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তালিকা অনুযায়ী ঝুঁকিপূর্ণ কয়েকটি পাহাড় পরিদর্শন করেছি। আগামীকাল বাকি পাহাড়গুলোতে যাবো।




