বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়নায়ারণগঞ্জে সাত হত্যাকাণ্ডে আমার পরিবারের সম্পর্ক নেই : মায়া

নায়ারণগঞ্জে সাত হত্যাকাণ্ডে আমার পরিবারের সম্পর্ক নেই : মায়া

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

নায়ারণগঞ্জে সাত হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের কোনো সদস্যের কোনো রকম যোগাযোগ বা কোনো ব্যবসায়িক লেনদেনের সম্পর্ক নেই বলে দাবি করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি করেন।

মায়া বলেন, এ ঘটনার সঙ্গে আমার পরিবারের সদস্যদের জড়িয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে, যা আমাকে ভীষণভাবে মর্মাহত ও পরিবারের সম্মানহানি করেছে। তিনি বলেন, এ ঘটনা নিয়ে বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত শুরু করেছে। তদন্ত কাজ যেন কোনোভাবেই প্রভাবিত না হয়, সে জন্য আমি কোনো মন্তব্য করা থেকে বিরত আছি।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, তদন্তে প্রকৃত সত্য বের হয়ে আসবে। নিহতের পরিবারের সদস্যদের মতো আমিও এ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের আইনানুগ শাস্তি প্রত্যাশা করি। মায়া বলেন, এলোমেলো ও ভিত্তিহীন মন্তব্যের ফলে প্রকৃত অপরাধীরা যেন আড়াল হতে না পারে, সেদিকেও সবার সজাগ দৃষ্টি রাখা উচিত।

উল্লেখ্য, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় প্রকাশ্য দিবালোকে নারায়ণগঞ্জ ২নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। এর তিনদিন পর ৩০ এপ্রিল বুধবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত অপহৃত ছয়জনের লাশ উদ্ধার করা হয়। এরপরের দিন সকালে বাকিজনের লাশও উদ্ধার করা হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে মন্ত্রী শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘটনায় তার পরিবারের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।

আরও পড়ুন

সর্বশেষ